বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত এবার রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে নিজের রসিকতাপূর্ণ মন্তব্যে নতুন করে আলোচনায় এসেছেন। শেখর সুমনের টক শো ‘শেখর টু নাইট’-এর বিশেষ পর্বে হাজির হয়ে ভারতের পরিস্থিতি থেকে শুরু করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন প্রসঙ্গে নিজের ভাবনা তুলে ধরেন ‘মুন্না ভাই’খ্যাত এই অভিনেতা।

অনুষ্ঠানে ভারতের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে সঞ্জয় দত্ত বলেন, দেশের মানুষ শান্তিপ্রিয় ও অতিথিপরায়ণ। তবে আগের মতো শান্তির পরিবেশ তিনি এখন অনুভব করেন না। পুরোনো সেই সম্প্রীতি দ্রুত ফিরে আসুক এমন প্রত্যাশা জানিয়ে তিনি মহাদেবের কাছে প্রার্থনার কথাও বলেন।

শেখর সুমন তাকে মজা করে পাঁচ মিনিটের জন্য ভারতের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ দিলে কী করবেন, তা জানতে চান। জবাবে সঞ্জয় বলেন, প্রধানমন্ত্রী হলে শুধু বিদেশ সফরে ব্যস্ত না থেকে সাধারণ মানুষের সঙ্গে সময় কাটাবেন। তার মতে, দেশের মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ না থাকলে নেতৃত্বের সঙ্গে আমজনতার দূরত্ব তৈরি হতে পারে।

গান্ধীজির বিখ্যাত তিন বাঁদরের প্রসঙ্গও অনুষ্ঠানে উঠে আসে। সঞ্জয় রসিকতা করে বলেন, বর্তমান সময়ে হয়তো আরও একটি বাঁদরের প্রয়োজন। চোখ, কান ও মুখ বন্ধ করে সবকিছু এড়িয়ে গেলে অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কে এমন প্রশ্নও তোলেন তিনি।

দেশের সরকারি স্থাপনাগুলোতে ব্যক্তির প্রচারের বদলে মহাত্মা গান্ধীর ছবি ও তার আদর্শ বেশি তুলে ধরার পক্ষেও কথা বলেন সঞ্জয়। তার বক্তব্যে রাজনীতির পাশাপাশি দেশের সামাজিক পরিবেশ নিয়েও এক ধরনের ব্যঙ্গাত্মক বার্তা ফুটে ওঠে।

আন্তর্জাতিক রাজনীতির প্রসঙ্গ এলে সঞ্জয়ের আলোচনায় চলে আসে ডোনাল্ড ট্রাম্পের নাম। বিশ্ব রাজনীতিতে সংঘাতের বদলে ‘গান্ধীগিরি’ অনুসরণের পরামর্শ দেন তিনি। তার মতে, ক্ষেপণাস্ত্রের বদলে ভালোবাসা ও আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর চেষ্টা করা উচিত।

ট্রাম্পকে নিয়ে নিজের স্বভাবসুলভ রসিকতায় সঞ্জয় বলেন, সমস্যা সমাধানে একে অন্যকে দূরে সরিয়ে না দিয়ে মুখোমুখি বসে কথা বলা দরকার। এমনকি চা খেতে খেতে আলোচনার মাধ্যমে জটিল বিষয় মিটিয়ে ফেলার কথাও বলেন তিনি।

সবশেষে নিজের জনপ্রিয় ‘মুন্না ভাই’ চরিত্রের সংলাপের ঢঙে ট্রাম্পকে উদ্দেশ করে আরও এক ধাপ এগিয়ে যান সঞ্জয়। মজা করে বলেন, তিনি আমেরিকায় গিয়ে ট্রাম্পকে ‘জাদুকি ঝাপ্পি’ দিতে চান। তার এই মন্তব্য নিয়েই অনুষ্ঠানের অংশটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলাদা করে নজর কাড়ে।

সঞ্জয় দত্ত নিজে সক্রিয় রাজনীতিতে না থাকলেও তার পরিবারে রাজনৈতিক পরিচয় রয়েছে। তার বাবা প্রয়াত সুনীল দত্ত কংগ্রেসের সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। তার বোন প্রিয়া দত্তও কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ফলে রাজনীতি নিয়ে সঞ্জয়ের মন্তব্যে দর্শকদের আগ্রহও নতুন নয়।