পবিত্র রমজান মাসের অপেক্ষায় থাকা মুসলিমদের জন্য সম্ভাব্য তারিখের পূর্বাভাস দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে রমজানের চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে। এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

আমিরাত অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান চাঁদের অবস্থান নিয়ে পূর্বাভাস দিয়েছেন। তাঁর তথ্য অনুযায়ী, আমিরাতের স্থানীয় সময় শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নতুন চাঁদের জন্ম হওয়ার কথা।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় নতুন চাঁদ খালি চোখে দেখা যেতে পারে। সে ক্ষেত্রে সোমবার (১২ অক্টোবর) থেকে ১৪৪৮ হিজরির জমাদিউল আউয়াল মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চাঁদ দেখার পরিস্থিতি এবং সংশ্লিষ্ট দেশের অনুসৃত পদ্ধতির কারণে মাস শুরুর তারিখে পার্থক্য হতে পারে।

জ্যোতির্বিজ্ঞানের পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের রমজান মাস ২৯ অথবা ৩০ দিনের হতে পারে। সেই হিসাবে আগামী বছরের ৯ অথবা ১০ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ঈদুল ফিতরের নির্দিষ্ট তারিখও চাঁদ দেখার ওপর নির্ভর করবে।

এদিকে শারজাহ স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি হাবের মূল্যায়নে বলা হয়েছে, উন্নত অ্যাস্ট্রোফটোগ্রাফি প্রযুক্তি ছাড়া রোববার সূর্যাস্তের পর নতুন চাঁদ খালি চোখে বা প্রচলিত টেলিস্কোপে দেখা কঠিন হতে পারে। এ কারণে যেসব দেশ খালি চোখে চাঁদ দেখার ভিত্তিতে হিজরি মাস নির্ধারণ করে, সেখানে মাস শুরুর তারিখ ভিন্ন হতে পারে।

জ্যোতির্বিজ্ঞানীরা চাঁদের অবস্থান ও দৃশ্যমানতার হিসাব থেকে আগাম ধারণা দিতে পারেন। তবে বাংলাদেশসহ বিভিন্ন দেশে পবিত্র রমজান মাস শুরুর চূড়ান্ত তারিখ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাঁদ দেখা ও সরকারি ঘোষণার পরই নিশ্চিত হবে।