সিরাজগঞ্জের রায়গঞ্জে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসাসেবা পেয়েছেন ৪ শতাধিক রোগী। ক্যাম্পে মাত্র ৭০০ টাকায় ছানি অপারেশনের সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি হতদরিদ্র ও সরকারি ভাতাভোগীদের সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার ধানগড়া ইউনিয়নের চর তেলিজানা আলিম মাদ্রাসা মাঠে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। মোহামেডান ক্লাবের সেক্রেটারি মো. মোক্তাদির হোসেনের ব্যক্তিগত উদ্যোগে এবং সিরাজগঞ্জ প্রফেসর এম. এ. মতিন চক্ষু হাসপাতালের পরিচালনায় ক্যাম্পের আয়োজন করা হয়।

মো. মোক্তাদির হোসেনের সার্বিক তত্ত্বাবধানে ডা. সুমনা লায়লার নেতৃত্বে ১১ সদস্যের একটি মেডিকেল টিম রোগীদের চিকিৎসাসেবা দেয়। এ সময় ৪ শতাধিক রোগীর বিনামূল্যে চোখ পরীক্ষা, রোগ নির্ণয় ও ব্যবস্থাপত্র প্রদান করা হয়।
চক্ষু চিকিৎসার পাশাপাশি কৃত্রিম লেন্স স্থাপন, চোখের নালির অপারেশনসহ অন্যান্য অস্ত্রোপচারে অর্ধেক খরচে চিকিৎসার সুযোগ রাখা হয়। আয়োজকদের এ উদ্যোগে অর্থের অভাবে চিকিৎসা করাতে না পারা অনেক মানুষের জন্য স্বল্প খরচে চোখের চিকিৎসার সুযোগ তৈরি হয়েছে।
মো. মোক্তাদির হোসেন বলেন, অর্থের অভাবে কেউ যেন চোখের চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করবেন তিনি। ক্যাম্পে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন