বগুড়ার নন্দীগ্রামে জরাজীর্ণ ঘরে বসবাস করা জন্মগত দৃষ্টিপ্রতিবন্ধী চার ভাই-বোনের পাশে দাঁড়িয়েছেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন। সংবাদমাধ্যমে তাদের দুর্দশার খবর প্রকাশের পর বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তিনি নিজে ওই পরিবারের বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী তুলে দেন এবং ভবিষ্যতে মানবিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

বৃহস্পতিবার বিকেলে নন্দীগ্রাম উপজেলার ভুস্কর দক্ষিণপাড়ায় চার ভাই-বোনের বাড়িতে যান সংসদ সদস্য। এ সময় তিনি আদম আলী, আকবর আলী, আবু মুসা ও বেবিয়া খাতুনের খোঁজখবর নেন। পরে তাদের হাতে চাল, ডাল, আটা, তেল, লবণসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন।

পরিবারটির দীর্ঘদিনের অসহায় জীবনযাপনের খবর প্রকাশের পর স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। বাবা-মায়ের মৃত্যুর পর জরাজীর্ণ ঘরে নানা সংকটের মধ্যে দিন কাটাচ্ছিলেন চার ভাই-বোন। তাদের পরিস্থিতির কথা জানতে পেরে সংসদ সদস্য দ্রুত সহায়তার উদ্যোগ নেন এবং নিজেই দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাড়িতে উপস্থিত হন।

খাদ্যসামগ্রী বিতরণের সময় মোশারফ হোসেন বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। একই পরিবারের চার ভাই-বোন জন্মগতভাবে দৃষ্টিপ্রতিবন্ধী হওয়ায় বিষয়টি অত্যন্ত কষ্টদায়ক বলেও উল্লেখ করেন তিনি। প্রকৃত অসহায় মানুষদের খুঁজে বের করে সহযোগিতা করার আহ্বান জানান সংসদ সদস্য।

এ সময় তিনি পরিবারটির মাথা গোঁজার ঠাঁইসহ সার্বিক পরিস্থিতিতে পাশে থাকার প্রতিশ্রুতি দেন। তবে স্থায়ী সহায়তার বিষয়ে কী ধরনের উদ্যোগ নেওয়া হবে, তা বিস্তারিতভাবে জানাননি তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, নজিবর-সুফিয়া দম্পতির আট সন্তানের মধ্যে চারজন জন্মগতভাবে দৃষ্টিপ্রতিবন্ধী। প্রায় ১৪ বছর আগে তাদের মা এবং এক বছর আগে বাবা মারা যান। এরপর থেকে চার ভাই-বোনকে নানা প্রতিকূলতার মধ্যে জীবন কাটাতে হচ্ছে।

পরিবারটির সদস্যরা অভাবের মধ্যেও ভিক্ষাবৃত্তির ওপর নির্ভর না করে নিজেদের মতো করে বেঁচে থাকার চেষ্টা করছেন। জরাজীর্ণ ঘর ও অনিশ্চিত জীবন নিয়ে তাদের দুর্দশার খবর ছড়িয়ে পড়ার পর সংসদ সদস্যের সহায়তায় পরিবারটির মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে বলে স্থানীয়রা জানান।

এ সময় নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো. আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে এম শফিউল আলম সুমনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।