চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের বাংলা বাজারে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৪টায় চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুর রহমান এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
অভিযানে সামুদ্রিক মাছে ক্ষতিকর রং ব্যবহারের দায়ে ১২০ কেজি ওলুয়া মাছ জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা। পরে জনসমক্ষে জব্দকৃত মাছ ধ্বংস করা হয়। অভিযানের উপস্থিতি টের পেয়ে অসাধু ব্যবসায়ীরা পালিয়ে যায়। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহসান উপস্থিত ছিলেন।
একই অভিযানে প্রকাশ্য স্থানে ধূমপানের অপরাধে এক ব্যক্তিকে ৩০০ টাকা এবং নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে এক বাস চালককে পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে চন্দনাইশ পৌরসভার বিভিন্ন দোকানে গ্যাস সিলিন্ডারের দাম তদারকি করা হয়।

এ বিষয়ে ইউএনও মো. আবদুর রহমান বলেন, "জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না। সামুদ্রিক মাছে নিষিদ্ধ রং ব্যবহার করায় মাছগুলো বিনষ্ট করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন