রাজধানীর মিরপুরে সিটি করপোরেশনের গাড়িতে অগ্নিসংযোগ, পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশ সদস্যদের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় ২৫ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১ অক্টোবর) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত তাদের জামিন আবেদন নাকচ করে এ আদেশ দেন।
প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মো. সামছুদ্দৌহা আসামিদের আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন করেন।
আসামিপক্ষের আইনজীবীরা তাদের জামিনের আবেদন করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত জামিন নামঞ্জুর করে ২৫ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৩০ সেপ্টেম্বর সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-২ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগ নেলীর নেতৃত্বে ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়। পরে মিরপুর মডেল থানার আওতাধীন বাইতুল কুদ্দুস জামে মসজিদের পাশে একটি দোকান উচ্ছেদের সময় এক্সক্যাভেটরের মাধ্যমে বৈদ্যুতিক তার বিচ্ছিন্ন হয়ে মসজিদে আগুন লাগার ঘটনা ঘটে।
এ ঘটনাকে কেন্দ্র করে সেখানে জড়ো হওয়া লোকজন পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। তাদের কেউ কেউ ম্যাজিস্ট্রেট ইচ্ছাকৃতভাবে হকারদের দোকানে আগুন দিয়েছেন বলে অভিযোগ তুলে স্লোগান দেন।
পুলিশের অভিযোগ, একপর্যায়ে সিটি করপোরেশনের দুটি গাড়িতে আগুন দেওয়া হয় এবং একটি বাস ভাঙচুর করা হয়। এ ঘটনায় সিটি করপোরেশনের পক্ষ থেকেও পৃথক মামলা করা হয়েছে।
মামলার নথিতে আরও বলা হয়েছে, দায়িত্ব পালনরত পুলিশের একটি পিকআপ ভ্যান ঘটনাস্থলে পৌঁছালে সেটি লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। এতে গাড়িটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি চালক ও কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
অভিযোগ অনুযায়ী, আসামিরা সংঘবদ্ধভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো, সরকারি কাজে বাধা এবং পুলিশ সদস্যদের ওপর হামলায় জড়িত ছিলেন। তদন্ত কর্মকর্তার প্রতিবেদনে মামলার ঘটনায় তাদের সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিদের কারাগারে রাখা প্রয়োজন বলেও আদালতে দেওয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়। মামলার তদন্ত বর্তমানে চলমান রয়েছে।


মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন