খাগড়াছড়ি জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া ওয়ারেন্টভুক্ত আসামি মো. শফিকুল ইসলাম (২৪)-কে চট্টগ্রাম মহানগরীর লালখান বাজার এলাকা থেকে যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে খাগড়াছড়ি সদর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২০ আগস্ট) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি সদর থানা পুলিশ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানার সদস্যরা লালখান বাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
গ্রেপ্তার শফিকুল ইসলাম খাগড়াছড়ি সদর উপজেলার ইসলামপুর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। তিনি ২০২৫ সালের নভেম্বর মাসে খাগড়াছড়ি জেলা কারাগারে আটক থাকাকালে কৌশলে কারাগারের বাউন্ডারি ওয়াল টপকে পালিয়ে যান। এরপর দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।
পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে খাগড়াছড়ি থানার এফআইআর নং-০৫, জিআর-১০২/২৫ এবং পেনাল কোডের ২২৪/৫১১ ধারায় মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন