দিনাজপুর জেলা প্রতিনিধিঃ মো. মশিউর ইসলাম

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর বিশেষ চোরাচালানবিরোধী অভিযানে ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তবর্তী এলাকা থেকে মালিকবিহীন ২৯ বোতল ভারতীয় ফেনসিডিলজাতীয় মাদক (আরসি কাফ) উদ্ধার করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৪২ বিজিবির অধীনস্থ বাশালগাঁও বিওপির সদস্যরা ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় মালিকবিহীন অবস্থায় ২৯ বোতল ভারতীয় ফেনসিডিলজাতীয় মাদক (RC Kuff) উদ্ধার করা হয়।

হরিপুর সীমান্তে মাদক উদ্ধার অভিযানে ২৯ বোতল ভারতীয় মাদক জব্দ
সীমান্ত থেকে উদ্ধার হওয়া ভারতীয় মাদক।

উদ্ধার করা মাদকের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। পাশাপাশি অপরাধী চক্রের গতিবিধি ও কৌশল শনাক্তে কাজ চলছে। মাদক চোরাচালানের সঙ্গে জড়িতদের তৎপরতা বন্ধে সীমান্তজুড়ে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।