চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম
আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুর রহমান।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মাহমুদুল হাসান, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এস.এম দিদারুল ইসলাম সিকদার, উপজেলা সমাজসেবা অফিসার রাসেল চৌধুরী ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ প্রমুখ।
সভা সূত্রে জানা যায়, এবছর চন্দনাইশ উপজেলার ৮টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় মোট ৯৪টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এছাড়া ঘটপূজা অনুষ্ঠিত হবে ৪১টি। পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে রয়েছে— প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা ও পর্যাপ্ত আলোকসজ্জা নিশ্চিতকরণ, মন্ডপ ভিত্তিক স্বেচ্ছাসেবক টিম গঠন ও তাদের আইডি কার্ড প্রদান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম স্থাপন, পুলিশ, আনসার, গ্রাম পুলিশ ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং প্রতিমা বিসর্জনের জন্য পৃথক ঘাট নির্ধারণ ও ট্রাফিক ব্যবস্থাপনা।
সভায় বক্তারা বলেন, চন্দনাইশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই সম্প্রীতি বিনষ্ট করতে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপপ্রচার চালাতে পারে। তাই এ ধরনের কোনো গুজবে কান না দিয়ে সচেতন থাকার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়। কোনো উস্কানিমূলক বা সন্দেহজনক তথ্য নজরে এলে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসন অথবা থানা পুলিশকে অবহিত করার অনুরোধ জানানো হয়। জরুরি প্রয়োজনে ৯৯৯ নম্বরে কল করার পরামর্শ দেওয়া হয়।
এছাড়া পূজা চলাকালীন সময়ে মাদক সেবন, ইভটিজিং, উচ্চস্বরে মাইক বাজিয়ে শব্দদূষণ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।
এসময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও ৯৪টি পূজা মন্ডপ কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন