চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি সংলগ্ন এলাকায় একটি অবৈধ করাতকলে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। একই সঙ্গে বিজিসি ট্রাস্ট এলাকায় অবৈধভাবে দখলকৃত দোকানগুলো ভেঙ্গে দেয়া হয়।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের রওশনহাট এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমান।

অভিযান পরিচালনাকালে করাতকলটি স্থায়ীভাবে বন্ধের লক্ষ্যে বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে, করাত ৩টি, চাকা ১টি, চুঙ্গি ১টি, নাক ১টি, বেল্ট ২টি ও ট্রলির চুঙ্গি ২টি।

চন্দনাইশে অবৈধ করাতকলে অভিযান
বিজিসি ট্রাস্ট এলাকায় অবৈধ দখল উচ্ছেদ।

এসময় চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পটিয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হক, বরগুনি বিটের বিট কর্মকর্তা মোঃ রহমত আলী, এফ.জি যথাক্রমে মো. ইখতিয়ার উদ্দিন, মোঃ মনির হোসেন, মোঃ আলমগীর, মোঃ শহিদ উদ্দিন ছোটন, পি.এম মোঃ মহি উদ্দীন ও পি.এম মোঃ শাহাব উদ্দীন, চন্দনাইশ থানার একদল পুলিশ, চন্দনাইশ পৌরসভা এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা সার্বিক সহযোগিতা করেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমান জানান, “অবৈধ করাতকলের বিরুদ্ধে চন্দনাইশ উপজেলায় এমন অভিযান অব্যাহত থাকবে।”

বরগুনি বিটের বিট কর্মকর্তা মোঃ রহমত আলী জানান,

অবৈধভাবে করাতকল পরিচালনার দায়ে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বন মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। বন অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বন বিভাগ।