চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ মো. নুরুল আলম

চট্টগ্রামের চন্দনাইশ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পুলিশ মোট ১৫ জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে একজন নিয়মিত মামলার আসামি এবং ১৪ জন মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত আসামি রয়েছেন।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএমের দিকনির্দেশনায় এবং চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এস এম দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে গতকাল শনিবার, ২৬ সেপ্টেম্বর রাত ১০টা থেকে রবিবার, ২৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে চন্দনাইশ থানার মামলা নম্বর ০৯/১২৩ (তারিখ ১৪ আগস্ট ২০২৬)-এর আসামি, দণ্ডবিধির ৩৯২ ধারার মামলায় অভিযুক্ত বৈলতলী ইউনিয়নের জাফরাবাদ এলাকার বাসিন্দা মো. জাহাঙ্গীর আলমকে (৪৬) গ্রেপ্তার করা হয়।

এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দায়ের হওয়া পৃথক পৃথক মোবাইল কোর্ট মামলায় সাজাপ্রাপ্ত ১৪ জনকেও গ্রেপ্তার করা হয়। প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড এবং সাজার মেয়াদভেদে ১৫ দিন থেকে এক মাস পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন কাঞ্চনপাড়ার মো. রুবেল (২৮), কক্সবাজারের মহেশখালীর মো. হাসান (৩০) ও হারুনুর অর রশিদ (২৯), উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের মো. তৈয়ব (২৬) ও জাফর আলম (৩৮), সাতবাড়িয়ার মো. শাহজাহান (৪৩), দোহাজারীর মো. রিয়াজ (১৯), ইসমাইল, হাবিব হোসেন ও মো. ইউনুছ, গাইবান্ধার সুন্দরগঞ্জের জাকিরুল ইসলাম (২৬), সাতকানিয়ার নাছির উদ্দিন (২৮) এবং বাগেরহাটের চিতলমারীর মো. আশিক ওরফে কুদরত আলী (২২), চট্টগ্রামের চন্দনাইশের মঞ্জুর আলম।দায়েরকৃত পৃথক ১৪টি মোবাইল কোর্ট মামলায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা এই দণ্ড প্রদান করেন।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এস এম দিদারুল ইসলাম সিকদার জানান, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ১৫জনকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।