চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানের বিনিয়োগকারীদের জন্য তিনটি বিশেষায়িত কান্ট্রি ডেস্ক চালু করেছে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। এসব ডেস্কের মাধ্যমে বিনিয়োগসংক্রান্ত তথ্য, পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা দ্রুত দেওয়ার পাশাপাশি নতুন বিনিয়োগ আকর্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) ঢাকায় আয়োজিত ‘মিট দ্য ইনভেস্টরস’ অনুষ্ঠানে নতুন ডেস্কগুলোর উদ্বোধন করা হয়। এতে শতাধিক দেশি-বিদেশি বিনিয়োগকারী অংশ নেন।

বেপজার অধীন আটটি রফতানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) এবং দুটি অর্থনৈতিক অঞ্চলে বর্তমানে ৩৮টি দেশের বিনিয়োগ রয়েছে। এসব দেশের মধ্যে চীন, দক্ষিণ কোরিয়া ও জাপান শীর্ষ তিন বিনিয়োগকারী দেশ। নতুন ডেস্কগুলো থেকে দেশ তিনটির বিদ্যমান ও সম্ভাব্য বিনিয়োগকারীরা প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সেবা পাবেন।

বেপজার আশা, বিশেষায়িত ডেস্ক চালুর ফলে বিনিয়োগের প্রক্রিয়া আরও সহজ হবে। পাশাপাশি আগে থেকে ব্যবসা পরিচালনা করা প্রতিষ্ঠানগুলোর সম্প্রসারণ এবং নতুন বিনিয়োগকারীদের বাংলাদেশে আসার পথও সুগম হবে। বিনিয়োগকারীদের বিভিন্ন সমস্যা দ্রুত চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়াও এসব ডেস্কের অন্যতম উদ্দেশ্য।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেন, বিনিয়োগকারীদের সরাসরি মতামত শোনা, তাদের সমস্যা ও প্রত্যাশা বোঝা এবং দেশের বিনিয়োগ পরিবেশকে আরও প্রতিযোগিতামূলক ও ব্যবসাবান্ধব করতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বৈশ্বিক বাণিজ্যে অস্থিরতা ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও বেপজার কার্যক্রমে অগ্রগতি হয়েছে বলে জানান তিনি। তার দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বেপজা ৩৬টি প্রতিষ্ঠানের সঙ্গে বিনিয়োগ চুক্তি করেছে।

একই অর্থবছরে বেপজার অধীন বিভিন্ন জোন থেকে ৮ দশমিক ৪১ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি হয়েছে। আগের অর্থবছরের তুলনায় এ রফতানি ২ দশমিক ২২ শতাংশ বেশি। নতুন কান্ট্রি ডেস্ক চালুর মাধ্যমে এ ধারাবাহিকতা বজায় রাখা এবং ভবিষ্যতে বিনিয়োগ ও রফতানি আরও বাড়ানোর সুযোগ তৈরি হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।