আট বছর আগের আলোচিত স্যান্ডপেপার-কাণ্ড নিয়ে নতুন করে পর্যালোচনার উদ্যোগ নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এবার এই ঘটনার তদন্তের আওতায় যুক্ত করা হয়েছে ২০১৭-১৮ মৌসুমের অ্যাশেজ সিরিজও। শুধু দক্ষিণ আফ্রিকা সফরে বল বিকৃতির ঘটনা নয়, ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠিত সেই অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়া দলের বল সামলানোর কৌশল ও খেলোয়াড়দের আচরণও খতিয়ে দেখবে স্বাধীন পর্যালোচনা ফোরাম। বৃহস্পতিবার প্রকাশিত ফোরামের কার্যপরিধিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
২০১৭-১৮ মৌসুমে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজ ৪-০ ব্যবধানে জিতেছিল অস্ট্রেলিয়া। সেই সিরিজে অস্ট্রেলিয়া দলের বল সামলানোর পদ্ধতি এবং সংশ্লিষ্ট আচরণ নিয়ে এবার পর্যালোচনা করা হবে। পাশাপাশি দক্ষিণ আফ্রিকা সফরের চারটি টেস্ট ম্যাচ এবং কেপটাউন টেস্টে বল বিকৃতির ঘটনা প্রকাশ্যে আসার পর ক্রিকেট অস্ট্রেলিয়া যে তদন্ত পরিচালনা করেছিল, সেটিও পর্যালোচনার অংশ হবে।
এই স্বাধীন ফোরামে দক্ষিণ আফ্রিকা সফরে অস্ট্রেলিয়া দলের সঙ্গে সংশ্লিষ্ট সব খেলোয়াড় ও সাপোর্ট স্টাফকে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হবে। তবে কারও অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়নি। সংশ্লিষ্ট ব্যক্তিরা চাইলে সরাসরি উপস্থিত হয়ে, অনলাইনে অথবা লিখিত বক্তব্য ও প্রয়োজনীয় নথি জমা দিয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে পারবেন। ফোরামের পুরো কার্যক্রম পরিচালিত হবে ছয় সপ্তাহ ধরে।
ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, এই পর্যালোচনার মাধ্যমে অতীতের ঘটনায় জড়িত কাউকে নতুন করে শাস্তি দেওয়ার পরিকল্পনা নেই। বরং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য শোনা এবং পুরো ঘটনার বিভিন্ন দিক পরিষ্কার করাই মূল উদ্দেশ্য। খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের পাশাপাশি সে সময়ের বোর্ড কর্মকর্তা এবং পরিচালকদেরও নিজেদের বক্তব্য দেওয়ার সুযোগ রাখা হয়েছে।
সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটার উসমান খাজার আত্মজীবনী প্রকাশের পর নতুন করে আলোচনায় আসে স্যান্ডপেপার-কাণ্ড। নিজের বইয়ে খাজা দাবি করেন, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউনে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় টেস্টে বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে দলের সবাই জানতেন। তার এই বক্তব্য অস্ট্রেলিয়ার ক্রিকেট মহলে নতুন করে বিতর্কের জন্ম দেয়।
তবে খাজার অভিযোগের সঙ্গে একমত নন সে সময়ের অস্ট্রেলিয়া দলের চার প্রধান বোলার জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক, নাথান লায়ন ও বর্তমান টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। তারা বরাবরই দাবি করে আসছেন, বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না। খাজার বক্তব্যকে ১০০ শতাংশ ভুল বলেও উড়িয়ে দিয়েছেন কামিন্স।
অন্যদিকে, একই দলের সাবেক দুই ক্রিকেটার ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট খাজার বক্তব্যকে সমর্থন করেছেন। উল্লেখ্য, কেপটাউন টেস্টে স্যান্ডপেপার ব্যবহার করে বলের অবস্থা পরিবর্তনের ঘটনায় জড়িত থাকার দায়ে ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফট নিষিদ্ধ হয়েছিলেন। সেই ঘটনা অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে অন্যতম আলোচিত বিতর্ক হিসেবে পরিচিত।
এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, পর্যালোচনায় অংশ নেওয়া ব্যক্তিদের দেওয়া তথ্য গোপন রাখা হবে। তবে সংশ্লিষ্ট কেউ নিজে থেকে তথ্য প্রকাশের অনুমতি দিলে বিষয়টি ভিন্ন হবে। ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান ডেভিড বুন বলেছেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করে তাদের বক্তব্য শোনা এবং বোর্ডের পক্ষ থেকে বিষয়গুলো বোঝার সুযোগ করে দেওয়াই এই উদ্যোগের লক্ষ্য।
ডেভিড বুন আরও জানান, আট বছর আগের ঘটনা নিয়ে নতুন করে আলোচনার কারণে সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর যে মানসিক চাপ তৈরি হয়েছে, তাদের সুস্থতার বিষয়টিও বোর্ডের কাছে গুরুত্বপূর্ণ। অন্যদিকে, স্বাধীন ফোরামের কাছ থেকে পূর্ণাঙ্গ প্রতিবেদন ও সুপারিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে তা প্রকাশ করার প্রতিশ্রুতি দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বোর্ডের প্রত্যাশা, এই পর্যালোচনার মাধ্যমে অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়া এবং সমর্থকদের কাছে আরও স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন