অ্যাপ আপডেট অনেকেই বিরক্তিকর নোটিফিকেশন মনে করে এড়িয়ে যান। কিন্তু একটি অ্যাপের নতুন সংস্করণ শুধু নতুন ফিচার যোগ করে না, বরং ফোনের নিরাপত্তা ও ব্যবহারকারীর অভিজ্ঞতাও উন্নত করতে পারে। তাই আপডেটের নোটিফিকেশন দীর্ঘদিন উপেক্ষা না করাই ভালো।
নিরাপত্তা বাড়ে: অ্যাপের পুরোনো সংস্করণে থাকা নিরাপত্তা ত্রুটি সাইবার হামলার সুযোগ তৈরি করতে পারে। ডেভেলপাররা নতুন সংস্করণে এসব দুর্বলতা ঠিক করার চেষ্টা করেন। তাই গুরুত্বপূর্ণ অ্যাপ নিয়মিত আপডেট রাখা ব্যক্তিগত তথ্য সুরক্ষায় সহায়ক।
নতুন সুবিধা পাওয়া যায়: বিভিন্ন অ্যাপের নতুন ভার্সনে নতুন বাটন, টুল, ফিচার বা উন্নত সেবা যুক্ত হয়। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম, ব্যাংকিং, শপিং ও যোগাযোগের অ্যাপগুলোতে নিয়মিত পরিবর্তন আসে। পুরোনো সংস্করণে থাকলে এসব সুবিধা নাও পাওয়া যেতে পারে।
বাগ ও সমস্যা কমে: কোনো অ্যাপ বারবার বন্ধ হয়ে যাওয়া, ধীরগতিতে কাজ করা বা অস্বাভাবিক ব্যাটারি খরচ করার মতো সমস্যায় পড়তে পারেন ব্যবহারকারী। অ্যাপ আপডেট করলে অনেক সময় এসব পরিচিত সমস্যা বা বাগের সমাধান পাওয়া যায়।
ফোনের কর্মক্ষমতা উন্নত হতে পারে: ডেভেলপাররা নতুন সংস্করণে অ্যাপের কোড ও কার্যপ্রক্রিয়া উন্নত করেন। ফলে অ্যাপ দ্রুত চালু হওয়া, কম সমস্যা করা এবং ফোনের সঙ্গে আরও ভালোভাবে কাজ করার সুযোগ তৈরি হয়। তবে সব আপডেটেই একই ধরনের উন্নতি থাকবে, এমন নিশ্চয়তা নেই।
নতুন অপারেটিং সিস্টেমের সঙ্গে সামঞ্জস্য: অ্যান্ড্রয়েড বা iOS-এর নতুন সংস্করণ এলে অনেক অ্যাপকেও পরিবর্তন করা হয়। পুরোনো অ্যাপ নতুন অপারেটিং সিস্টেমের কিছু সুবিধা ঠিকভাবে সমর্থন নাও করতে পারে। তাই ফোনের OS আপডেটের পর অ্যাপগুলোর নতুন সংস্করণ আছে কি না, দেখে নেওয়া উচিত।
জরুরি সময়ে অচল হওয়ার ঝুঁকি কমে: দীর্ঘদিন আপডেট না করলে কোনো কোনো অ্যাপ হঠাৎ নতুন ভার্সন ইনস্টলের প্রয়োজন দেখাতে পারে। ভ্রমণ, দুর্বল নেটওয়ার্ক বা ইন্টারনেটহীন অবস্থায় তখন সমস্যা হতে পারে। তাই স্বয়ংক্রিয় আপডেট চালু রাখার পাশাপাশি মাঝে মাঝে Google Play Store বা App Store থেকে আপডেট বাকি আছে কি না দেখে নেওয়া ভালো।


মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন