জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। বগুড়ার হোটেল মম ইন থেকে ‘নসিব’ সিনেমার শুটিংয়ে যাওয়ার জন্য বের হওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে অভিনেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়।
জয় জানান, ‘নসিব’ সিনেমার শুটিংয়ের কাজে তাঁরা একসঙ্গে বগুড়ার হোটেল মম ইনে অবস্থান করছিলেন। ঘটনার দিন ঘুম থেকে উঠে শুটিংয়ে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত হয়েছিলেন সোহেল খান। তাঁর পরনে ছিল সাদা শার্ট ও সাদা প্যান্ট এবং নিচে গাড়িও প্রস্তুত হয়ে দাঁড়িয়ে ছিল।
ঘটনার বিবরণ দিয়ে জয় তাঁর পোস্টে লেখেন, ঘুম থেকে উঠে শুটিংয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন সোহেল খান। নিচে গাড়ি দাঁড়ানো ছিল এবং প্রোডাকশন বয় ওপরে উঠেছিল। রুম থেকে বের হতে হতেই হঠাৎ মাটিতে গড়িয়ে পড়েন তিনি। এরপর তাঁর মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। উপস্থিত সবাই প্রথমে ভেবেছিলেন, কিছুক্ষণ আগে ড্রাগন ফল খাওয়ার কারণে হয়তো এমন প্রতিক্রিয়া হয়েছে। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
অভিনেতার আকস্মিক প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে জয় লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় অভিনেতা সোহেল খান আর নেই।’



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন