চন্দনাইশ প্রতিনিধি: মো. নুরুল আলম

চট্টগ্রামের চন্দনাইশে "লেনদেন হবে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে পূবালী ব্যাংক পিএলসি বৈলতলী উপশাখার উদ্যোগে 'ক্যাশলেস বৈলতলী' ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ এবং প্রান্তিক পর্যায়ে ক্যাশলেস লেনদেনের সুবিধা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বৈলতলী সিরাজ মার্কেটে বর্ণাঢ্য র‍্যালি, বেলুন উড়ানো ও মতবিনিময় সভার মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। র‍্যালিটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি বৈলতলী উপশাখার ব্যবস্থাপক ধীমান দত্ত। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক চন্দনাইশ শাখার ব্যবস্থাপক জনাব এ.ই.এম. রিয়াজুল হাসান।

ক্যাশলেস বৈলতলী ক্যাম্পেইন উপলক্ষ্যে পূবালী ব্যাংকের সচেতনতামূলক র‍্যালি
'ক্যাশলেস বৈলতলী' ক্যাম্পেইন উপলক্ষ্যে সিরাজ মার্কেটে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. নাজিম উদ্দিন, ইউনুস মার্কেট ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি কামাল উদ্দিন, ব্যবসায়ী শাহ আলম, ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মো. আব্দুস সবুর এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের শাখা ব্যবস্থাপক করিম উল্লাহ প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা কিউআর পেমেন্ট, পস (POS) মেশিন, পাই ব্যাংকিং অ্যাপ, সিআরএম, এটিএম, কিয়স্ক, আরটিডিএমসহ পূবালী ব্যাংকের আধুনিক ডিজিটাল সেবা এবং ডিজিটাল লেনদেনের নিরাপত্তা ও গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

বক্তারা বলেন, ক্যাশলেস লেনদেনের মাধ্যমে ব্যবসায়ীরা নগদ টাকা বহনের ঝুঁকি থেকে মুক্ত থাকবেন, লেনদেন হবে দ্রুত, নিরাপদ ও স্বচ্ছ। এটি ব্যবসা-বাণিজ্যে গতিশীলতা আনবে এবং স্মার্ট বাংলাদেশ গড়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই ক্যাম্পেইনের মাধ্যমে বৈলতলী বাজারের সকল ব্যবসায়ীকে পর্যায়ক্রমে ক্যাশলেস লেনদেনের আওতায় আনা হবে বলে জানান আয়োজকরা।