পরী মণির জামিন বাতিল করে মাদক মামলায় অভিযোগ গঠনের আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ এ আবেদন করা হয়।
এদিন পায়ের ব্যথা বেড়ে যাওয়ায় আদালতে হাজির হতে পারেননি পরী মণি। তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী এ কারণে সময় চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, কিছুদিন আগে পায়ে আঘাত পাওয়ার পর থেকেই অসুস্থ ছিলেন পরী মণি। হঠাৎ ব্যথা বেড়ে যাওয়ায় তার চলাফেরায় সমস্যা হচ্ছে।
তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোয়াজ্জম হোসেন সময়ের আবেদনের বিরোধিতা করেন। তিনি জামিন বাতিল এবং অভিযোগ গঠনের শুনানি করার পাশাপাশি আইনজীবীর মাধ্যমে হাজিরার আবেদন নাকচের দাবি জানান।
পরে বিচারক সময়ের আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠনের শুনানি আগামী ১৭ নভেম্বর ধার্য করেন। মামলার অপর দুই আসামি আশরাফুল ইসলাম দিপু ও কবীর হোসেন হাওলাদার আদালতে উপস্থিত ছিলেন।
নথি অনুযায়ী, ২০২১ সালের ৪ আগস্ট পরী মণির বাসায় অভিযান চালিয়ে মাদক উদ্ধারের কথা জানায় র্যাব। পরে তাকে গ্রেপ্তার করে মাদক আইনে মামলা করা হয়। ২০২৪ সালের ৪ অক্টোবর তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে সিআইডি।


মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন