চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. জসীম উদ্দীন আহমেদ এর আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট বাজার অংশ ৪-লেনে উন্নীতকরণের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে। এ প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছে ১৪৪ কোটি টাকা।

জানা যায়, চন্দনাইশের প্রাণকেন্দ্র কেরানীহাট বাজারে দীর্ঘদিন ধরে তীব্র যানজট ও দুর্ঘটনার কারণে চরম ভোগান্তিতে ছিলেন দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারের লাখো মানুষ। এ দুর্ভোগ লাঘবে এমপি জসীম উদ্দীন আহমেদ গত ২৩ আগস্ট ২০২৬ তারিখে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে একটি ডিও লেটার (স্মারক নং- ২০২৬/১২৭) প্রদান করেন।

তার আবেদনের প্রেক্ষিতে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তর থেকে গত ২৯ সেপ্টেম্বর ২০২৬ (১৪ আশ্বিন ১৪৩৩) তারিখে স্মারক নং- ৩৫.০০.০০০০.০০১.০২৫.০১.০০.২৬-২০৪/১ মূলে সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

ডিও লেটার (২৩/০৮/২০২৬) ও মন্ত্রীর দপ্তর থেকে সচিব বরাবর প্রেরিত অনুমোদনের চিঠি
ডিও লেটার (২৩/০৮/২০২৬) ও মন্ত্রীর দপ্তর থেকে সচিব বরাবর প্রেরিত অনুমোদনের চিঠি

মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) হাবিবুল হাসান রুমি স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ডিও লেটারটি সদয় অবলোকন করে বিধি মোতাবেক নিষ্পত্তির পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে প্রেরণ করা হলো।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইতোমধ্যে প্রস্তাবটি মন্ত্রিসভায় অনুমোদন লাভ করেছে। দ্রুত সময়ের মধ্যে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) এর মাধ্যমে ১৪৪ কোটি টাকা ব্যয়ে প্রকল্পের বাস্তবায়ন কাজ শুরু হবে। এ বিষয়ে প্রধান প্রকৌশলী, সড়ক ও জনপথ অধিদপ্তর, সড়ক ভবন, তেজগাঁও, ঢাকাকেও অনুলিপি দেওয়া হয়েছে।

কেরানীহাট অংশ ৪-লেনে উন্নীত হলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের যানজট ও দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে এবং চন্দনাইশ, সাতকানিয়া, বান্দরবান ও কক্সবাজার অঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও পর্যটনে নতুন গতি আসবে বলে মনে করছেন স্থানীয়রা।