আলিয়ার নতুন লুক প্রকাশ হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। সঞ্জয় লীলা বানসালীর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ অভিনেত্রীর চরিত্রের প্রথম ঝলক শুক্রবার প্রকাশ করা হয়েছে। এর আগে রণবীর কাপুরের ফার্স্ট লুক প্রকাশের পর দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছিল। তবে আলিয়ার পোস্টার ঘিরে প্রশংসার পাশাপাশি তুলনা ও সমালোচনাও দেখা গেছে।

পোস্টারে আলিয়াকে দেখা গেছে ম্যাজেন্টা-লাল রঙের পোশাকে। ক্রপ টপের সঙ্গে থাই-হাই স্লিট স্কার্ট এবং পালকে সাজানো বড় হেডপিসে তাঁকে দেখা যায়। গাঢ় চোখের মেকআপ ও লিপস্টিকের সঙ্গে পুরো সাজে ছিল ক্যাবারে ধাঁচের আবহ। বানসালীর সিনেমায় জমকালো পোশাক ও নান্দনিক উপস্থাপনা পরিচিত হলেও এই লুক প্রকাশের পর দর্শকদের প্রতিক্রিয়া হয়েছে বেশ বৈচিত্র্যময়।

সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু ব্যবহারকারী পোস্টারটির ভিজ্যুয়াল উপস্থাপনাকে অতিরিক্ত সম্পাদিত বা কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর বলে মনে করেছেন। আবার কেউ কেউ আলিয়ার সাজে অন্য সিনেমার চরিত্রের ছাপ খুঁজে পেয়েছেন। বিশেষ করে কিয়ারা আদভানির ‘টক্সিক’ সিনেমার চরিত্রের সঙ্গে আলিয়ার লুকের তুলনা করেছেন কয়েকজন। কেউ আবার ‘বোম্বে ভেলভেট’ ও রণবীরের ‘অ্যানিমেল’ সিনেমার আবহের সঙ্গেও মিল দেখেছেন।

তবে আলিয়ার নতুন লুক নিয়ে প্রতিক্রিয়া শুধু সমালোচনামূলক নয়। অনেক ভক্ত পোস্টারটি পছন্দ করেছেন এবং অভিনেত্রীর ভিন্ন ধরনের অবতার নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন। তাঁদের যুক্তি, সিনেমার গল্প ও চরিত্র সম্পর্কে এখনো বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। তাই শুধু একটি পোস্টার দেখে চরিত্রটি কেমন হবে বা সিনেমায় আলিয়ার ভূমিকা কী, সে বিষয়ে চূড়ান্ত ধারণা পাওয়া কঠিন।

এর আগে বৃহস্পতিবার ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ রণবীর কাপুরের প্রথম লুক প্রকাশ করা হয়। সেখানে পুরোনো ধাঁচের একটি গাড়ির স্টিয়ারিংয়ে তাঁকে দেখা যায়। সাদা টি-শার্ট, চশমা ও ছোট করে ছাঁটা চুলের এই লুকের পাশাপাশি তাঁর হাতে আঘাতের চিহ্ন এবং রক্তের দাগও নজর কাড়ে। রণবীরের পোস্টার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। এবার আলিয়ার লুক প্রকাশের পর সিনেমাটিকে ঘিরে আলোচনা আরও বেড়েছে।

‘লাভ অ্যান্ড ওয়ার’ পরিচালনা করছেন সঞ্জয় লীলা বানসালী। ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র পর আলিয়ার সঙ্গে এটি তাঁর দ্বিতীয় সিনেমা। রণবীরের সঙ্গে বানসালীর এটি তৃতীয় কাজ, আর ভিকি কৌশলের সঙ্গে প্রথমবার কাজ করছেন তিনি। সিনেমাটির গল্প এখনো গোপন রাখা হয়েছে। তবে বিভিন্ন প্রতিবেদনে এটিকে ঐতিহাসিক আবহের প্রেম ও যুদ্ধের গল্প হিসেবে উল্লেখ করা হয়েছে। রণবীর ও ভিকিকে ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তার চরিত্রে দেখা যেতে পারে বলে জানা গেছে। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।